যশোর: বৈরি আবহাওয়ার কারণে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত হয়নি। ঈদগাহের পরিবর্তে জেলার প্রধান জামাত পার্শ্ববর্তী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
এখানে পরপর ঈদুল ফিতরের দু’টি জামাতে যশোরের সর্বস্তরের মানুষ অংশ নিয়ে ঈদের নামাজ আদায় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য প্রার্থনা করেন।
সকাল ৮টায় প্রথম জামাতে ইমামতি করেন দড়াটানা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান। পরে সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন জর্জকোর্ট জামে মসজিদের খতিব মওলানা মুক্তার আলী।
এর আগে পৌরসভার সহযোগিতায় ঈদুল ফিতরের নামাজের জন্য যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছিল। কিন্তু রোববার রাত ও সোমবার সকালে গুড়িগুড়ি বৃষ্টির কারণে ময়দান নামাজ আদায়ের জন্য অনুপযোগী হয়ে পড়ে।
শুধু কেন্দ্রীয় ঈদগাহই নয়, জেলার অধিকাংশ ঈদগাহেই বৃষ্টির কারণে নামাজ আদায় সম্ভব হয়নি। ফলে মসজিদেই ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ২০ ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর