ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বড়হামিরদী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭ টার দিকে তাদের মর্মান্তিক মৃত্যু হয়।
এরা হলেন- বড়হামিরদী গ্রামের ইয়াছিন শরীফের স্ত্রী খাদিজা বেগম (৬৫)ও তার ছেলে ঝান্টু শরীফ(৩৫)।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে জানান, সকালে ঝান্টু বাড়ির পাশের খালে পাট জাগ দিতে গিয়ে পুকুর পাড়ে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন।
এ সময় ছেলের চিৎকারে মা খাদিজা বেগম তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
উল্লেখ্য, ভাঙ্গায় ১ আগস্ট চাচা-ভাতিজা ও ১১ আগস্ট এক বৃদ্ধ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ নিয়ে গত ২০ দিনে ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু হলো।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর