ফরিদপুর: ফরিদপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েলকে (৩০) আটক করেছে কোতয়ালী থানার পুলিশ ।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বিলমামুদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সদর উপজেলার পশ্চিম বিলনালিয়া প্রাইমারি বিদ্যালয়ের পাশে অপর মাদক ব্যবসায়ী আরশাদের (৪৫) বাড়িতে তল্লাশি চালিয়ে ৮শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক বাংলানিউজকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একজনকে আটক ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জুয়েল ও তার সঙ্গীরা দীর্ঘদিন যাবত ফরিদপুর শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় কোতয়ালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ০৬ জুলাই, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর