ঢাকা: চিকিৎসাধীন ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুকে দেখতে স্কয়ার হাসপাতালে গেছেন আরেক তারকা জেমস।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তিনি আইয়ুব বাচ্চুকে দেখতে হাসপাতালে যান।
হাসপাতাল থেকে বের হয়ে তিনি বাংলানিউজকে বলেন, আইয়ুব বাচ্চুর অবস্থা এখন কিছুটা ভালো মনে হয়েছে। আশা করা যায় দুই একদিনের মধ্যেই সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন।
হঠাৎ করে অসুস্থ বোধ করায় মঙ্গলবার রাতে আইয়ুব বাচ্চুকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আইয়ুব বাচ্চুর অসুস্থ হওয়ার খবরটি পৌঁছানোয় সংগীতাঙ্গন ও মিডিয়া সংশ্লিষ্টদের মধ্যে তাকে ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠার। আইয়ুব বাচ্চুর অগণিত ভক্ত-শিষ্য-শুভাকাঙ্খী নিজ নিজ ফেসবুক স্ট্যাটাসে তার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।অনেকে আবার তাকে দেখার জন্য হাসপাতালে ভিড় জমিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
এমকে/কেএন/এনএস