৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:৩১ এএম BDST banglanew24
30 Jul 2012   03:38:40 AM   Monday BdST
E-mail this

৬ মাসের মধ্যে বিমানের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর সম্ভাবনা


শিহাবুদ্দীন কিসলু, নিউইয়র্ক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৬ মাসের মধ্যে বিমানের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর সম্ভাবনা

নিউইয়র্ক: বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে ঢাকা-নিউইয়র্কের মধ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) কালো তালিকা থেকে মুক্ত হওয়ার ফলে এ সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে তিনি জানিয়েছেন। 

রোববার  নবনির্বাচিত ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যোগে  আয়োজিত ইফতারি ও মতবিনিময় সভায় স্থানীয় প্রবাসীদের কাছে এসব কথা জানান।

ব্যক্তিগত সফরে ফারুক খান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ ২টি অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩০০ বিমান কিনেছে। বিশ্বের উন্নত বিমানবন্দরগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেই এ বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এজন্য পুরো বিমানবন্দরকেই অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন নিরাপত্তা বলয়ের আওতায় আনা হচ্ছে।

পাশাপাশি বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থাপন করা হচ্ছে স্বয়ংক্রিয় এলার্ম ও ভিডিও সার্ভিলেন্স সিস্টেম। একইসঙ্গে যাত্রীদের দেহতল্লাশি, ব্যাগেজ ও কেবিন ব্যাগেজ স্ক্যানিং পদ্ধতিতেও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ ) এবং আন্তর্জাতিক সংস্থার সনদ অনুসারে বিস্ফোরকদ্রব্য ও ধাতব-অধাতব পদার্থ শনাক্ত করতে হযরত শাহজালাল বিমানবন্দরে স্থাপিত হচ্ছে সিটি প্রযুক্তির স্ক্যানিং মেশিন। 

একইভাবে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিয়ন্ত্রণের জন্য খোলা হচ্ছে নিরাপত্তা কন্ট্রোল সেন্টার। বাণিজ্যিকভাবে বিমানকে লাভজনক করার জন্য ১০টি উড়োজাহাজ সংগ্রহ, সার্বিক খরচ কমানো ও ফ্লাইট সূচি পরিবর্তনের উদ্যোগও নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই উল্লেখ করে তিনি বলেন,  ’৭৫-এ আমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি। বঙ্গবন্ধুকে রক্ষা করতে না পারায় ’৭১-এ পরাজিত যুদ্ধাপরাধীরা এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তিনি প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ফারুক খান একুশ নিউজ মিডিয়ার জাহান হাসানের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, গার্মেন্ট শিল্পের মতো বাংলাদেশের পর্যটন খাতকে আরও বিকশিত করার লক্ষ্যে প্রাইভেট ট্যুর অপারেটরদের উৎসাহিত করার জন্য অচিরেই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হচ্ছে।

তিনি জানান, ট্যুর বাসসহ পর্যটন খাতে ব্যবহৃত সামগ্রীর উপর আমদানি কর কমানো হচ্ছে। ১২টি দেশে পর্যটন মেলায় বাংলাদেশের প্রাইভেট ট্যুর অপারেটররা অংশ নিচ্ছে। এরইমধ্যে জার্মানি, স্পেন ও জাপান থেকে ট্যুর অপারেটরদের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করে গেছে।

মন্ত্রী এসময় আরও জানান, আমেরিকা ও ইউরোপ থেকে আগত টুরিস্টদের অন-এরাইভ্যাল ভিসা প্রদান করা হচ্ছে। গত বছর বিদেশ থেকে ৫ লাখেরও বেশি পর্যটক বাংলাদেশ ভ্রমণ করে গেছেন। ২০১০-১১ অর্থবছরে বিদেশি পর্যটকদের বাংলাদেশ ভ্রমণ বাবদ ৫৯৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। দেশের মাঝে পর্যটনকে আকর্ষনীয় করার লক্ষ্যে প্রতিবছর ৬টি পর্যটনমেলার আয়োজন করা হচ্ছে।

পর্যটন মন্ত্রী বলেন, পর্যটন শিল্পকে গুরুত্ব দিয়ে কক্সবাজারকে পৃথিবীর সুন্দরতম পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার অংশ হিসেবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি সংস্থা মন্ত্রীপরিষদ ক্যাবিনেট মিটিংএ অনুমোদিত হয়েছে।

আগামী সংসদে এই বিল উত্থাপন করা হবে। এতে বিদেশি পর্যটকদের জন্য এক্লুসিভ টুরিস্ট জোন থাকবে। ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কক্সবাজার স্টেডিয়াম নির্মিত হতে যাচ্ছে।

তিনি বলেন, পর্যটনের এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এতে দেশের ভাবমূর্তির উন্নতি হবে। বৈদেশিক মুনাফা অর্জন করা সম্ভব হবে।

ফারুক খান জানান, তিন বছর পর আইকাও’র কালো তালিকা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আইকাও ২০০৯ সালের জুনে  বেবিচকের কার্যক্রমে নানা অসঙ্গতির কারণে বাংলাদেশকে নিরাপত্তা উদ্বেগের বিষয়ে সিগনিফিকেন্ট সেফটি কনসার্নের (এসএসসি) তালিকাভুক্ত করে। যা বিমান চলাচল ব্যবসায় কালো তালিকা হিসেবে ধরা হয়।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট  আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান