কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া পদক্ষেপ ও প্রশাসনের নজরদারিতে কাঁচা বাজারে বেড়েছে সবজির যোগান। আর এর ফলে এক লাফে বুধবার কলকাতায় সবজির দাম কমেছে কেজি প্রতি ৫ থেকে ১০ রুপি৷
দিন দুয়েক আগেই মূল্যবৃদ্ধি রোধে টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর বাজারগুলোতে শুরু হয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নজরদারি৷
কাঁচা বাজারে যে সমস্ত সবজির দাম ছিল গড়ে ৩০ থেকে ৩৫ রুপি, তার দাম কমে দাঁড়িয়েছে ২০ থেকে ২৫ রুপি৷
কমেছে কাঁচা মরিচের দামও৷ কলকাতায় প্রতি কেজি ১৫০ থেকে ২০০ রুপি বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম দাঁড়িয়েছে ৬০ থেকে ১০০ রুপি৷
তবে অন্যান্য সবজির দাম কমলেও কমেনি আলুর দাম৷ কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ রুপিতে৷ হিমঘরে মজুত থাকা আলুর জোগান নতুন করে না বাড়াকেই এর কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা৷
চাল-ডাল-তেল প্রভৃতির দাম কিন্তু এখনও বাড়তির দিকে৷ লিটার প্রতি সরিষার তেলের দাম ১০০ রুপি। মুগ, মসুর প্রভৃতি ডালের দামও অনেকটাই চড়া৷ ভালো চালের দাম বেড়েছে কেজি প্রতি ১০ রুপি।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর