হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিরাট উজানপাড়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিরাট উজানপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মফিজ মিয়া(৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন-জাকির(২০), লিটন(২২), মাকিদ (৪৫), আল আমিন(২৫), ময়না(২০), রাসেল(১৬), রফিক (৩০), আমজাদ(১৬), মোজাম্মেল(৩৫), কাইয়ূম(৪৫), আবুল হোসেন(২৫), মাইদুল(২৯), শাহেদ(৩০), মুক্তার (৩৫), তারেক(২১), জাহাঙ্গীর(৩২), নানু(২৫), কাবিল(২১), কাশেম(১৮), শওকত(২৪)। বাকিদের নাম পরিচয় এখও জানা যায়নি। আহতদের হবিগঞ্জ সদর, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরাট উজানপাড়া গ্রামের ডা. লোকমান(৪৫)ও শাবান মিয়ার(৪৮) সঙ্গে একই গ্রামের ইসমাইল হোসেন সরসের (৪৫) বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে সোমবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের লোকজন টেটা, ফিকল, লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম চৌধুরী বাংলানিউজকে জানান, পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর