চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাটের খতিবের হাট এলাকার একটি পাঁচতলা ভবনের ৫মতলার ফ্ল্যাট থেকে মা, ছেলে ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী প্রবাসীর স্ত্রী ডলি (৩০), তার ছেলে আলভি (১০) ও মেয়ে পায়েল (৫)। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ও র্যাব সদস্যরা ফ্ল্যাটটি ঘিরে রেখেছেন। কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) মঞ্জুর মোরশেদ বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায়, ডলি ও তার দুই ছেলে মেয়ের মাথায়, মুখে ধারালো কোনো কিছুর কোপের আঘাত। ঘরের মেঝেতে চিৎ হয়ে পড়ে রয়েছেন ডলি। তার কপালে কোপের চিহ্ন। মেঝে রক্তে ভিজে গেছে।
এছাড়া তার দুই ছেলে-মেয়ের মুখেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তারা দুজন একটি খাটের পাশে পাশাপাশি চিৎ হয়ে পড়ে রয়েছে। দেখে মনে হয়, ঠাণ্ডা মাথায় তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।
অপরদিকে, খবর পেয়ে সিএমপি কমিশনার শফিকুল ইসলাম, র্যাবের সিও ঘটনাস্থলে উপস্থিত হন। এছাড়া সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাড়ির মালিকের নাম ইলিয়াস আলী।
ঘটনার পর এলাকাবাসী বাড়িটির সামনে ভিড় করেছেন। সিআইডি ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১২
এমইউ/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর/আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর