ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির রাইট ছাড়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে।
জানা গেছে, কোম্পানিটি ১ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার ৮শ’টি সাধারণ শেয়ার বাজারে ছাড়বে। ফলে এ কোম্পানির বিনিয়োগকারীরা ২:১ অনুপাতে অর্থাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার নিতে পারবেন।
রাইট শেয়ার ছেড়ে কোম্পানিটি বাজার থেকে মোট ১৮ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার টাকা সংগ্রহ করবে।
তবে রাইট শেয়ারে কোনো প্রিমিয়াম নেওয়া হবে না। অর্থাৎ ফেস ভ্যালু ১০ টাকা অনুযায়ী বিনিয়োগকারীরা রাইট শেয়ার কিনতে পারবেন।
কোম্পানিটি রাইট শেয়ার সংক্রান্ত শর্ত পূরণ করায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রাইট ইস্যু আইন, ২০০৬ অনুযায়ী বিএসইসি কোম্পানিটিকে রাইট শেয়ারের মাধ্যমে অর্থ সংগ্রহের অনুমোদন দিয়েছে।
তবে রাইট শেয়ারের সাবসক্রিপশনের তারিখ ও রেকর্ড ডেট এখনো জানানো হয়নি।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/জেডএম