ঢাকা: গাজীপুর-৪ উপনির্বাচনে অংশ নিতে পারবেন না স্বতন্ত্র প্রার্থী বজলুল হক।
এ বিষয়ে উচ্চ আদালতে রায় চেম্বার জজ স্থগিত করায় তিনি প্রার্থীতা হারালেন।
প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মুর্শিদ তা বাছাই করে বজলুল হকের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেন। এর বিরুদ্ধে বজলুল হক নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানির পর নির্বাচন কমিশন (ইসি) রিটার্নিং কর্মকতার সিদ্ধান্ত বহাল রাখে।
এরপর উচ্চ আদালতে যান বজলুল হক। মঙ্গলবার বজলুল হককে প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত করতে উচ্চ আদালত একটি রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে বুধবার আপিল করে নির্বাচন কশিমন। চেম্বার জজ ওহহাব মিয়া বুধবার উচ্চ আদালতের রায় স্থগিত করে নির্বাচন করার নির্দেশ দেন।
নির্বাচন কশিমনের পক্ষে চেম্বার জজের আদালতে আপিল করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান। রায় শেষে তিনি বলেন, “রায় স্থাগিত করায় বজলুল হক আর নির্বাচনে অংশ নিতে পারবেন না।”
এদিকে বুধবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, “সংবিধানের ১২৫ এর গ অনুচ্ছেদ অনুযায়ী তফসিল ঘোষণার পর ইসিকে যথেষ্ট সময় দিয়ে শুনানির মাধ্যমে রায় দিতে হবে। সংবিধান অনুযায়ী ইসির সঙ্গে কথা না বলে আদালত কোনো রায় দিতে পারবেন না। আমরা আদালতের নির্দেশ নোটিশ পাইনি, শুনানিতেও অংশ নেওয়ার সুযোগ পাইনি। তাই আমরা মাননীয় আদালতকে বিষয়টি অবহিত করবে।”
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
আরএম/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর