বগুড়া: যার মুক্তির জন্য থানা ঘেরাও, যাকে না ছাড়লে অবরোধ, যাকে মামলায় না জড়ানোর জোরালো দাবি, অবশেষে সেই যুবলীগ নেতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতার যুবলীগ নেতা প্রবীর মণ্ডল (৪৫) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি এবং তালোড়ার মৃত সুকুমার মণ্ডলের ছেলে।
সম্প্রতি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন ও পৌর এলাকায় কয়েকটি ট্রাক চুরি ও ছিনতাইসহ সর্বশেষ বৃহস্পতিবার গমবোঝাই ট্রাক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করে পুলিশ।
প্রবীরকে আটকের প্রতিবাদে শুক্রবার সকালে থানা ঘেরাও করে স্থানীয় নেতারা।
এর আগে বৃহস্পতিবার ভোরে দুপচাঁচিয়ার তালোড়া থেকে চুরি যাওয়া গমবোঝাই ট্রাক সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার খালপোড়ায় আটক করে পুলিশ।
এ সময় ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আটক করা হয় বগুড়ার কাহালু উপজেলার জোগারপাড়ার বাদল (৩৪) ও সিরাজগঞ্জ জেলার সলঙ্গার সাইফুল ইসলামকে (৩৫)।
পরে আটকদের জবানবন্দি অনুযায়ী ওই দিন সন্ধ্যায় তালোড়া পৌর এলাকা থেকে যুবলীগ নেতা প্রবীর ম-লকে আটক করলে তার মুক্তির দাবিতে এলাকাবাসী থানা ঘেরাও করে।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা প্রবীরকে মামলার আসামি না করার দাবি তুললে পুলিশ শুক্রবার দুপুরে আটক বাদল ও সাইফুলকে জেল হাজতে পাঠিয়ে দিয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় প্রবীরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।
শনিবার দুপুরে জেলার বি সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, জিজ্ঞাসবাদ শেষে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পওয়ায় যুবলীগের মামরায় গ্রেফতার দেখিয়ে ওই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম সাংবাদিকদের জানান, গ্রেফতার যুবলীগ নেতার বিরুদ্ধে এলাকায় কোনো অভিযোগ নেই। ষড়যন্ত্র করে তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর