প্যারিস: দলবদলের মৌসুমে ঠিকানা পরিবর্তন করেছেন ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভা। ইতালির সিরি ‘আ’ ক্লাব এসি মিলান ছেড়ে ২৭ বছর বয়সী এই ফুটবলার নাম লিখিয়েছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সাইন্ট জার্মেইনে (পিএসজি)।
লন্ডন অলিম্পিকে অংশগ্রহণের জন্য দলের সঙ্গে এ মুহূর্তে ব্রাজিলে রয়েছেন সিলভা। এরই ফাঁকে পিএসজির সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ফ্রান্সের ক্লাব তার সঙ্গে চুক্তির বিষয়টি স্বীকার করলেও সিলভাকে পেতে কি পরিমাণ অর্থ গুনতে হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি।
সিলভাকে দলে পেয়ে দারুণ খুশি পিএসজি কোচ কার্লো আনচেলোত্তি। বলেন, ‘সিলভা অসাধারণ একজন ফুটবলার। প্রত্যেকেই জানে বিশ্বের সেরা ডিফেন্ডারদের মধ্যে সে অন্যতম।’
আগামী মৌসুমে লিগ শিরোপা ঘরে তুলতে মরিয়া পিএসজি। তাই সিলভার পর একই ক্লাবের ইব্রাহিমোভিচকে পেতেও দেনদরবার চালিয়ে যাচ্ছে তারা।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস