চট্টগ্রাম: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সভা-সমাবেশের মধ্য দিয়ে চট্টগ্রামে আওয়াম ীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।
দলের বিবদমান অপর অংশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা.আফছারুল আমিনের অনুসারীরা এ কর্মসূচিতে যোগ না দিলেও পাল্টা কোন কর্মসূচি পালন করেনি।
মন্ত্রীর অনুসারী নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বাংলানিউজকে বলেন, ‘নেত্রী (শেখ হাসিনা) নগর আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করার দায়িত্ব নিয়েছেন। আমরা নেত্রীর প্রতি আস্থা রেখে পাল্টা কোন কর্মসূচি না করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।’
দেশের স্বাধীনতা আন্দোলনসহ সকল গণআন্দোলনে নেতৃত্বের কাতারে থাকা ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নগর আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য, শিক্ষাবিদ ড.অনুপম সেন।
আরও বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.সালাহউদ্দিন।
সভায় বক্তারা বলেন, ‘আওয়ামী লীগকে আগামীতে আবারও ক্ষমতায় নিতে হবে। এজন্য আগামীতে যে সময় অবশিষ্ট আছে, তাতে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারলে জবাবদিহি করতে হবে।’
বক্তারা বলেন, ‘ত্রুটি, বিচ্যুতি সংশোধন করে গণমানুষের সংগঠন হিসেবে আওয়ামী লীগের যে ঐতিহ্য আছে সেটিকে ধরে রাখতে হবে।’
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২৩, ২০১২
আরডিজি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর