বরিশাল: বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে দিনের বেলায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় একশ ভরি স্বর্ণালংকার লুট করেছে ডাকাতরা।
স্বর্ণ ব্যবসায়ী সুব্রত দে ওরফে জয়দেব (৪৫) জানান, শনিবার সকাল ৭টার দিকে বাড়িতে ঢুকে তার হাত-পা ও মুখ বেঁধে বেধড়ক মারপিট করে ডাকাতরা। এসময় তারা প্রায় ১শ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
তিনি আরও জানান, ভোর ৬টায় ঘুম থেকে উঠে ছোট ভাই দিলিপ দে স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হন। সদর দরজা খোলা থাকার সুযোগে ৫ জনের একটি দুর্বৃত্ত দল বাড়িতে প্রবেশ করে। পরে তিন তলায় তার ঘরের দরজায় করা নাড়ে তারা।
দোকনের কর্মচারী ভেবে দরজা খুলতেই ডাকাতরা অস্ত্রের মুখে তার হাত, পা ও মুখ বেঁধে ফেলে এবং বেধড়ক মারধর করে।
পরে ৩য় ও ৫ম তলায় থাকা সিন্দুক ভেঙে স্বর্ণালংকার লুট করে ডাকাতরা।
প্রাথমিক হিসেবে দুর্বৃত্তরা প্রায় একশ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানান তিনি।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান জানান, মালিকপক্ষ একশ ভরি স্বর্ণালংকার খোয়া যাওয়ার কথা বললেও ৮৫ ভরির হিসেবে দিয়েছে।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।
সুব্রত আরও জানান, তাদের ৫ তলা ভবনের নিচতলায় শুভ জুয়েলার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর