 |
ঢাকা: প্রথমবারের মত একসঙ্গে প্লেব্যাক করলেন এ প্রজন্মের চার তারকা। ক্লোজআপ ওয়ানের চার প্রতিযোগী সোনিয়া, মুহিন, রন্টি, কিশোর একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবির একটি গানে।
কবির বকুলের লেখা এই গানের শিরোনাম অচল পয়সা। গানটির সুর ও সঙ্গীত করেছেন শওকত আলী ইমন। গত শুক্রবার রাতে ইস্কাটনের ভেলোসিটি স্টুডিওতে গানটি ধারণ কাজ অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর একসঙ্গে চার বন্ধুর দেখা এবং মাইক্রোফোনে কণ্ঠ মেলানো-সব মিলিয়ে অন্য রকম এক মিলন মেলার পরিবেশ সৃষ্টি হয়।
সোনিয়া ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ-এর প্রথম আসরের চতুর্থ স্থান অধিকারী প্রতিযোগী ছিলেন। তিনি প্রায় তিন বছর পর কানাডা থেকে দেশে ফিরে এসেছেন। দেশে ফিরেই এত আলোচিত একটি ছবিতে প্লেব্যাক করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন সোনিয়া।
এদিকে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ-এর দ্বিতীয় আসরের তিন প্রতিযোগী রন্টি, কিশোর, মুহিন ছিলেন খোশমেজাজে।
কারণ রন্টি সেদিনই জানতে পারেন, তিনি সন্তানের মা হতে যাচ্ছেন। রুম্মান রশীদ খান-এর কাহিনী ও চিত্রনাট্য অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবির ইউনিট আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করছে। প্রায় ২০ দিনের সফরে টানা শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান-জয়া আহসান-আরেফিন শুভ-সাজু খাদেম সহ অন্যরা। এ ছবিতে আরো অভিনয় করছেন রাজ্জাক, আনোয়ারা, দিতি, সুব্রত, মিমো।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর