নিউইয়র্ক থেকে: জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দেহে সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি রিকভারি ইউনিটে আছেন।
নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে সার্জিক্যাল অনকোলজি বিভাগের জ্যেষ্ঠ সার্জন ড. জর্জ মিলারের উদ্ধৃতি দিয়ে অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বাংলানিউজকে সর্বশেষ একথা জানিয়েছেন।
সার্জন জর্জ মিলার জানান, হুমায়ূন আহমেদের কোলনে সফল অস্ত্রোপচার হয়েছে। এছাড়াও সুখবর হলো- ক্যান্সার ছড়ানো লিভারের তিনটি টিউমারকেই ‘লোকালাইজড অ্যাম্বুলাইজেশন’ এর মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
সর্বাধুনিক এ চিকিৎসা পদ্ধতি হলো সুঁইয়ের মাধ্যমে টিউমারে ইউরেনিয়াম প্রবেশ করিয়ে সেটা ধ্বংস করা।
অপারেশনে জর্জ মিলারকে সহযোগিতা করেন ড. ড্যানিয়েল ও ড. উইলিয়াম।
বাংলানিউজকে অন্যপ্রকাশের প্রধান নির্বাহী জানান, রিকভারি ইউনিট থেকে টানা ৪৮ ঘণ্টার জন্য পোস্ট অপারেটিভ ইউনিটে নেওয়া হবে। পরে সেখান থেকে হুমায়ূন আহমেদকে নেওয়া হবে কেবিনে। এখানে তাকে রাখা হবে সাত থেকে ১০ দিন।
উল্লেখ্য, দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা সময় নিয়ে হুমায়ূন আহমেদের এই অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার শুরু হয় মঙ্গলবার নিউইয়র্ক সময় সকাল ৯টা ২২ মিনিটে।
লেখকের পারিবারিক একটি সূত্র জানিয়েছে, অপারেশন থিয়েটারে ঢোকার আগে দেশের সব মানুষের কাছে দোয়া চান হুমায়ূন আহমেদ। এ সময় হাসপাতালে লেখক দম্পতি ড. জ্যোতিপ্রকাশ দত্ত ও পূরবী দত্ত, হুমায়ূনের বাল্যবন্ধু নুরুজ্জামান মণ্ডল ও মুক্তধারার বিশ্বজিৎ সাহা উপস্থিত ছিলেন।
লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন সার্বক্ষণিক তার পাশে রয়েছেন।
বাংলাদেশ সময় : ০৩৫৮ ঘণ্টা, জুন, ১৩, ২০১২
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
Jewel_mazhar@yahoo.com