 |
পাবনা : পাবনার সুজানগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচন শনিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ জন প্রার্থীর মধ্যে মোস্তাফিজুর রহমান (প্রতীক চাঁদ) সর্বোচ্চ ৪৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
অপর প্রার্থীদের মধ্যে আব্দুল হাই (ফুটবল) পেয়েছেন ৩৪৯ ভোট, নাসরিন আক্তার (মোরগ) ৩০৬, আব্দুস সুবহান (তবলা) ১০৭ এবং নায়েব আলী (হরিণ) পেয়েছেন ৩৫ ভোট।
ভোটগ্রহণের পর ভোটগণনা শেষে প্রিজাইডিং অফিসার একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা বিকেল পাঁচটার দিকে এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
পৌর সদরের নিয়োগীর বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোট পড়ে ১ হাজার ৩২৩টি। এর মধ্যে বাতিল হয়েছে ৩০টি ভোট।
ওই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১৯ জন এবং মহিলা ভোটার ৭৭১ জন।
১ জন প্রিজাইডিং অফিসার, ৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১০ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম নুরুল ইসলাম ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন দায়িত্ব পালন করেন।
এছাড়াও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য ভোটকেন্দ্রে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকুল কুমার মৈত্রের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, আনসার সদস্য নিয়োজিত ছিলেন।
রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ইউসুফ আলীর মৃত্যুতে পদটি শূন্য হয়।
বাংলাদেশ সময় : ০৪৫৫ ঘণ্টা, জুন ০৩, ২০১২
প্রতিবেদন : শাহীন রহমান
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর