ঢাকা: ব্রাজিলের পর্যটন নগরী রিওতে পরিবেশ সংরক্ষণের মাধ্যমে বিশ্ব থেকে দারিদ্র নির্মূলের লক্ষ্য নিয়ে ২০ জুন বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে তিন দিনের ধরিত্রী সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশ রিও কনফারেন্সের শুরুতেই ভাইস চেয়ার মনোনীত হয়েছিল। সেই সুবাদে বৃহস্পতিবার হাইলেভেল সেগমেন্ট শুরুর দিনে বাংলাদেশের পক্ষে প্ল্যানারিতে সভাপতির আসনে ছিলেন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ। পরিবেশ ও বন মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে এ তথ্য জানিয়েছে।
এ সময় ড. হাছান মাহমুদ বলেন, ‘আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে টেকসই উন্নয়নের বিকল্প নেই। তাই ভবিষ্যৎ পৃথিবীর জন্য একটি বাসযোগ্য অবকাঠামো সৃষ্টির লক্ষ্যে এই সম্মেলন একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।’
বুধবার দিনের শুরুতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন করতে গিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিশ্ব নেতৃবৃন্দের উদ্দেশ্যে ধরিত্রীকে বাঁচানোর অগ্রগতি আরো এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘বিশ্ববাসী এখন অপেক্ষায় আছে বিশ্ব নেতৃবৃন্দের কথাকে কাজে পরিণত হওয়া দেখতে। ভবিষৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে আমাদের হাতে মাত্র ৭২ ঘণ্টা সময় আছে। এর মধ্যেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’
সম্মেলনে খসড়া ঘোষণা প্রসঙ্গে বান কি মুন বলেন, ‘আমাদের পদক্ষেপ এখনও বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো যথেষ্ট নয়। কিন্তু মনে রাখতে হবে, প্রকৃতি কারও জন্য অপেক্ষা করে না। প্রকৃতি তার পদক্ষেপ নেওয়ার আগে কারও সঙ্গে আলোচনাও করে না।’
প্রথা অনুযায়ী ব্রাজিল এ সম্মেলনের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছে। দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রউসেফ বৃষ্টিস্নাত রিও নগরীতে বিশ্ব নেতৃবৃন্দকে স্বাগত জানান। তিনি সম্মেলনের অগ্রগতি সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, ‘টেকসই উন্নয়নের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে।’
এদিনের উল্লেখযোগ্য ঘটনা ছিল উদ্বোধনের পর সম্মেলনের প্রথম প্ল্যানারি অধিবেশনে বাংলাদেশের চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ। দায়িত্ব নিয়ে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ দুপুর একটা থেকে বিকেল ৩টা পর্যন্ত সম্মেলন পরিচালনা করেন। এ সময় নেপাল, বারবাডোজ, ফিজি, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এবং প্যারাগুয়ে ও ত্রিনিদাদ ট্যোবাগের পররাষ্ট্র মন্ত্রী বক্তৃতা করেন।
উল্লেখ্য, ইতোপূর্বে বাংলাদেশ এবারের রিও ধরিত্রী সম্মেলনের ভাইস চেয়ার মনোনীত হয়েছে। সদস্য দেশসমূহের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই মনোনয়ন প্রদান করা হয়েছে। এশিয়া অঞ্চল থেকে ৫টি দেশকে এ সম্মেলনের ভাইস চেয়ারপার্সন নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ ছাড়া এ সম্মেলনের অপর ভাইস চেয়ার দেশসমূহ হচ্ছে কাজাখাস্তান, তাজিকিস্তান, জাপান ও নেপাল।
উল্লেখ্য, গত ১৮ জুন ব্রাজিলের রিও ডি জেনিরিওতে অনুষ্ঠিতব্য রিও+২০ সম্মেলনে সদস্য দেশসমূহের সর্বসম্মত মতামতের ভিত্তিতে বাংলাদেশকে কো-চেয়ার হিসেবে মনোনীত করেছিল।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ২১, ২০১২
কেজেড/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর