কুমিল্লা: কুমিল্লার আলেখাচর বিশ্বরোড এলাকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক আক্তার হোসেনসহ (২৫) ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তারের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায়। নিহত অপরজন ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকাগামী একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও ১ যাত্রী মারা যান। এ সময় আহত হন আরও ৩ যাত্রী।
তিনি আরও জানান, খবর পেয়ে ময়নামতি হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দু’টি ও অটোরিকশাটি উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর