ঢাকা: পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত সায়হাম কটন মিলের শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হবে আগামী রোববার থেকে। এর আগে গত ১৭ জুন এ কোম্পানির লেনদেন হওয়ার কথা থাকলেও নতুন সফটওয়্যারে কিছু সমস্যার কারণে ডিএসই কর্তৃপক্ষ ওইদিন লেনদেন আপাতত স্থগিত করে দেয়।
বুধবার ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করার কথা ছিল। ডিএসইতে এ কোম্পানির ট্রেডিং কোড ‘এসএআইএইচএএমসিওটি’ এবং কোম্পানির কোড ১৭৪৫৩।
গত ৭ ডিসেম্বর সায়হাম কটন মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির ৪০৯তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজারে ৪ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে মোট ৯৫ কোটি টাকা উত্তোলন করে।
এজন্য কোম্পানির শেয়ারের মোট মূল্য নির্ধারণ করা হয় ২০ টাকা। এর মধ্যে প্রিমিয়াম ১০ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকা-বাংলা ফাইন্যান্স লিমিটেড।
কোম্পানিটি বাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে ভূমি উন্নয়ন, আবাসন ও যন্ত্রাংশ ক্রয়ে ব্যবহার করবে।
এসইসির কাছে জমা দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী কোম্পানির নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭৩ টাকা।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুন ২০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর