ঢাকা : ঢাকা মেডিক্যাল কলেজের এমবিবিএস শেষ বর্ষের ছাত্রী পাপিয়া ভট্টাচার্য (২৫) গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের ড. আলীম চৌধুরী হলের পাশে নিউ মহিলা হোস্টেলের তৃতীয় তলার ২৩ নম্বর রুমে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
নিহতের সহপাঠী ও রুমমেটরা বাংলানিউজকে জানান, দেড় বছর আগে পাপিয়ার বড় ভাই মারা যান। এ নিয়ে তিনি হতাশ ছিল। এজন্য একাধিকবার তিনি মনোবিজ্ঞানীর কাছেও গেছেন।
ভাই হারানোর শোক থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন সহপাঠীরা।
তারা আরও জানান, ঝুলন্ত লাশ দেখে তারা অধ্যক্ষ দ্বীন মোহাম্মদকে জানান।
পরে তিনি শাহবাগ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। এখন সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হবে।’
এ ব্যাপারে শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
সহপাঠীদের সূত্রে জানা গেছে, পাপিয়ার বাবার নাম অরূপ ভট্টচার্য। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তারা ১ ভাই, ১ বোন।
পাপিয়ার আত্মহত্যার খবর তার আত্মীয়-স্বজনকে জানানো হয়েছে বলে জানান তারা।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২
এএমএন/কেএইচআর
সম্পাদনা: কাজল কেয়া ও আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর, অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর