ঢাকা: অষ্টম মার্কিনী হিসেবে এবারের মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন রোডস আইল্যান্ডের সুন্দরী অলিভিয়া কালপো। ভারত থেকে কসোভা, সারা বিশ্ব থেকে আসা ৮৮ সুন্দরীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স ২০১২’ খেতাব জিতে নিলেন ২০ বছর বয়সী এই মার্কিন সুন্দরী।
মিস ইউনিভার্স খেতাব জেতার আগে অবশ্য মিস ইউএসএ খেতাবও বগলদাবা করেছিলেন অলিভিয়া। ১৯৯৭ সালের পর এই প্রথম কোনো মিস ইউএসএ একই সঙ্গে বিশ্বের সেরা সুন্দরীর খেতাবও জিতে নিলেন।
দশজনের একটি বিচারক প্যানেল এবারের সেরা সুন্দরী নির্বাচন করেন। চূড়ান্ত অনুষ্ঠানে লাল রংয়ের একটি দীর্ঘ লং স্লিভড পোশাক পরেছিলেন অলিভিয়া।
এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন ২৩ বছর বয়সী ফিলিপিনো সুন্দরী জেনিন টুগোনন। মিস ভেনিজুয়েলা ইরেনে সোফিয়া ইসার কুয়েনতিরো অধিকার করেন তৃতীয় স্থান।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর