 |
ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার রাত ১০টায় এ বৈঠক শুরু হয়েছে।
বিএনপির সূত্র জানায়, ছাত্রদলের নতুন কমিটি গঠন বিষয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি ডাকা হয়েছে। ছাত্রদলের বর্তমান নেতৃত্বের অধিকাংশই বয়স্ক ও অছাত্র। খালেদা জিয়া বর্তমান ছাত্রদের ছাত্রদলের নেতৃত্বে বসানোর প্রক্রিয়া শুরু করেছেন। এ বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে বলেও সূত্র জানায়।
এদিকে এ বৈঠকেই নতুন কমিটি ঘোষিত হতে যাচ্ছে বলে গুঞ্জন থেকে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন বৈঠকস্থলের আশেপাশে। পদপ্রত্যাশী ও বর্তমান নেতাদের সমর্থকরা দলে দলে বিভক্ত হয়ে স্ব স্ব নেতাদের সমর্থনে মিছিলও করছেন গুলশান কার্যালয়ের সামনে।
বৈঠকে উপস্থিত রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার স্বপন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ওবায়দুল হক নাসিরসহ ১২ জন শীর্ষ নেতা।
বৈঠকে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
এমএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর