নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে ৫টি নৌযানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে মেরিন আদালতে মামলা করেন।
সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী নৌযানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ সব নৌযানগুলো রাতের বেলায় চলাচল করে থাকে। এছাড়া এ সব নৌযানের প্রয়োজনীয় কাগজপত্রেরও ঘাটতি রয়েছে।
শীতলক্ষ্যা নদীতে রাতের বেলায় দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় তারা প্রায়ই এই অভিযান চালাচ্ছেন বলে বাংলানিউজকে জানান।
অভিযানে আটক এমভি মা বাবার দোয়া, এমভি তাকওয়া, এমভি লিভার প্যারাডাইস, এমভি বালাক, এমভি এলিন ইমনের মালিক ও সুকানির বিরুদ্ধে মেরিন আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর