 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চান্দিনা (কুমিল্লা): জামায়াতের ডাকা বৃহস্পতিবারের হরতাল চলাকালে কুমিল্লার চান্দিনায় ২টি বাস ভাঙচুর করেছে শিবির কর্মীরা। এ সময় তারা একটি মালবোঝাই ট্রাক মহাসড়কে আড়াআড়ি করে রাখে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় ১০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় চান্দিনার বাগুর বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দিনা উপজেলার সীমান্তবর্তী এলাকায় মহাসড়ক সংলগ্ন দেবিদ্বার উপজেলার বাগুর এলাকা থেকে ৮/১০ জনের শিবির কর্মী চান্দিনা বাগুর বাস স্টেশন সংলগ্ন এলাকায় আকস্মিক হামলা চালায়।
এসময় তারা ঢাকাগামী জোনাকি পরিবহনসহ দু’টি বাসে ভাঙচুর করে। তারা ঢাকা থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাক মহাসড়কে আড়াআড়ি করে রেখে চাকা পানচার করে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে মহাসড়কের চান্দিনার গোবিন্দপুর থেকে কেরনখাল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/জেডএম