 |
ঢাকা: বলিউডের প্রথম সুপারস্টার খ্যাত সদ্যপ্রয়াত অভিনেতা রাজেশ খান্নার শেষকৃত্য বৃহস্পতিবার ভারতের মুম্বাই নগরীতে সম্পন্ন হয়েছে।
হাজার হাজার ভক্ত এ সময় শবযাত্রার দু’ধারে দাঁড়িয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। মুম্বাইয়ের কার্টার রোডে অবস্থিত বাসভবন থেকে শ্মশানের উদ্দেশে শবযাত্রা শুরু হয় বৃহস্পতিবার সকালে। একটি খোলা ট্রাকে করে তার কাচে মোড়ানো শবাধার বয়ে নেওয়া হয়। এ সময় তার শবাধার ঢাকা ছিলো সাদা ফুলে।
৬৯ বছর বয়সী এ অভিনেতা বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন। তবে চলতি সপ্তাহের শুরুতে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে নিজের বাড়িতে আসেন। অবশেষে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তার স্বাস্থ্যগত সমস্যার মূল কারণ এখনও পরিষ্কার নয়।
ভক্তদের কাছে ‘কাকা’ নামে পরিচিত রাজেশ খান্না ৬০ ও ৭০ দশকের মূলত রোমান্টিক হিরো হিসেবে তুমুল জনপ্রিয় ছিলেন।
দীর্ঘ অভিনয় জীবনে এ অভিনেতা ১৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘কাতি পতঙ্গ’, ‘আরাধনা’, ‘আনন্দ’ ও ‘অমর প্রেম’।বলিউডে পারিবারিক ঐতিহ্যহীন এ অভিনেতা নিজের যোগ্যতাতেই বলিউডে নিজের অবস্থান তৈরি করে নেন।
রাজেশ খান্না ১৯৪২ সালে জন্ম গ্রহণ করেছিলেন ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় অমৃতসর নগরীতে। বিদ্যালয়ে পড়া অবস্থাতেই তিনি অভিনয়ে জড়িয়ে পড়েন। ১৯৬৬ সালে ‘আখেরি খাত’ ছবির মাধ্যমে তার বলিউড যাত্রা শুরু হয়। তবে তিনি খ্যাতির চূড়ায় আরোহন করেন ১৯৬৯ সালে ‘আরাধনা’ চলচ্চিত্রের মাধ্যমে।
আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর তার অভিনীত প্রায় সব ছবিই সুপার হিট বা হিটের তকমা অর্জন করে। তিনি যেখানেই যেতেন ভক্তরা তাকে ঘিরে রাখতো পতঙ্গের মতো।
১৯৭৩ সালে সে সময়কার গ্লামার গার্ল ডিম্পল কাবাডিয়াকে তিনি বিয়ে করলেও দূর্ভাগ্যজনকভাবে তাদের দাম্পত্য সম্পর্ক ভেঙ্গে যায় কয়েক বছরের মাথায়। বিয়ের সময় ডিম্পল ছিলেন রাজেশ খান্নার প্রায় অর্ধেক বয়সী।
পরবর্তীতে অভিনয় ছেড়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন রাজেশ খান্না। ১৯৯২ সালে তিনি কংগ্রেসের টিকিটে দিল্লি থেকে লোকসভায় নির্বাচিত হন। তবে আস্তে আস্তে রাজনীতি থেকেও নিজেকে গুটিয়ে নেন তিনি। এর পর থেকে মূলত লোক চক্ষুর অন্তরালেই দিন কাটতো রাজেশ খান্নার।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর