ঢাকা: বাংলাদেশ ব্যাংক ডেসটিনি গ্রুপের যাবতীয় ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছে। দেশের সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ফ্যাক্সযোগে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহী প্রধানদের কাছে এ নির্দেশনা পাঠায়।
এ নির্দেশনায় অনুযায়ী, আগামী ৩০ দিনের জন্য বৈশাখী টেলিভিশন ও দৈনিক ডেসটিনি ছাড়া ডেসটিনি গ্রুপের সব প্রতিষ্ঠান ও এসব প্রতিষ্ঠানের উদ্যোক্তা বা বর্তমান পরিচালকের নামে কোনো একাউন্ট থাকলে এসব হিসাবের লেনদেন বন্ধ রাখতে বলা হয়।
এর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ১৫ জনের ব্যাংক হিসাব জব্দ করে। এছাড়া ডেসটিনি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডেসটিনি-২০০০ লিমিটেড এবং ডেসটিনি ট্রি প্লানটেশনের ব্যাংক একাউন্টও জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, মে ২৫, ২০১২
টিএইচ/সম্পাদনা : অশোকেশ রায় ও রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর