৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১:১৬ পিএম BDST banglanew24
01 Jul 2012   02:35:05 PM   Sunday BdST
E-mail this

পদ্মাসেতুর চুক্তি বাতিলে সরকারের পদত্যাগ করা উচিত: মওদুদ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পদ্মাসেতুর চুক্তি বাতিলে সরকারের পদত্যাগ করা উচিত: মওদুদ

ঢাকা: পদ্মাসেতুর চুক্তি বাতিলের ঘটনায় সরকারের পদত্যাগ করা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

রোববার দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সংবর্ধনা অনুষ্ঠান এবং ‘আওয়ামী দু:শাসন ও মিথ্যাচারের কবলে বাংলাদেশের জনগণ’ শীর্ষক আলোচনা সভায় দেওয়া প্রধান অতিথির বক্ততায় তিনি এ মতামত দেন।

দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ ঢাকা জেলার উদ্যোগে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব অটিডোরিয়াম এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়।

‘চল্লিশ বছরে যা হয়নি তাই এখন হয়েছে’ বলে ক্ষোভ প্রকাশ করে মওদুদ বলেন, ‘দুর্নীতির দায়ে পদ্মাসেতুর চুক্তি বাতিল করেছে বিশ্বব্যাংক। এ সরকার যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন এটা তা-ই প্রমাণ করেছে।’

এ ঘটনায় ‘সারা জাতিকে সরকার কলঙ্কিত করেছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের ঘৃণা করি, প্রত্যাখ্যান করি। ৪০ বছর ধরে বিশ্বব্যাংক সাহায্য দিচ্ছে। কিন্তু এবার যা ঘটলো তা নজির বিহীন। এ ঘটনায় সরকারের পদত্যাগ করা উচিত বলে মনে করি।’

‘এ সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে’ মন্তব্য করে মওদুদ বলেন, ‘এরপরও তারা কিভাবে হেসে হেসে কথা বলে ভেবে অবাক হই। তাদের লজ্জা নেই। কিন্তু জাতির লজ্জা আছে।’

ক্ষমতাসীনদের দুর্নীতির সমালোচনা করে মওদুদ বলেন, ‘পদ্মাসেতুতে দুর্নীতির পরও আবুল হোসেন ও রেল দুর্নীতিতে সুরঞ্জিতকে ক্যাবিনেটে রেখেছে সরকার। এতেই প্রমাণ হয়- সরকার দুর্নীতিতে জড়িত। এটি আওয়ামী লীগের বৈশিষ্ট্য। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে এ সরকার ঘাড়ের ওপর দুর্নীতি ও সমালোচনার ভার গ্রহণ করেছে।’

‘প্রতিটি দুর্নীতির জন্য জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে হবে’ বলেও দাবি করেন মওদুদ।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচন এককভাবে করতে চান। কিন্তু সংসদ নির্বাচনের সময় সংসদ চালু রাখার বিধান বিশ্বের কোথাও নেই।’

এ প্রসঙ্গে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত ইত্যাদি দেশের উদারহরণ টেনে তিনি বলেন, ‘এ নিয়ে বাংলাদেশের কোন সাংবিধান বিশেষজ্ঞ আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন বলে মনে করি না।’

‘যতো যাই হোক দলীয় সরকারে অধীনে কোনদিনও নির্বাচন হবে না’ বলে সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘ জোর করে নির্বাচন করতে চাইলে বা আপনাদের জিদের কারণে গণতন্ত্র ব্যাহত হলে আপনারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ‘আমাদের আবার নির্বাচিত করুন। বিএনপি ক্ষমতায় গেলে আবারও দুর্নীতি করবে’ শীর্ষক সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে মওদুদ বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, তাহলেই প্রমাণ হয়ে যাবে জনগণ আপনাদের সুযোগ দিতে চায় কি না।’

‘আগামীতে ক্ষমতায় গেলে আপনারাই আরও দুর্নীতি করবেন’ বলে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, ‘ওনাকে কেউ নিশ্চয়ই সৎ পরামর্শ দেয় না। আসলে তারাই দুর্নীতি জর্জরিত। অথচ বলছেন- বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি করবে।’

দেওয়ান সালাউদ্দিনের কারামুক্ত হওয়ার কথা স্মরণ করে মওদুদ আরও বলেন, ‘জেলখানার অবস্থা ভালো না। বিএনপি ক্ষমতায় গেলে জেলখানা সংস্কার করা হবে। যাকে তাকে ডান্ডাবেড়ি পরিয়ে দেওয়ার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

দেশনেত্রী সাংস্কৃতি পরিষদ ঢাকা জেলা সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুলাই ১, ২০১২
এসকেএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান