ঢাকা: বাংলাদেশ ইন্সটিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) পরিচালিত টেলিভিশন সংবাদ উপস্থাপনা বিষয়ক ২টি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান বুধবার কাটাবনের বিজেম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) ব্যবস্থাপনা পরিচালক ও এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন।
মোহাম্মদ নূরুল আমিন সংবাদ উপস্থাপনাকে একটি দায়িত্বশীল পেশা হিসেবে অভিহিত করে বলেন, সংবাদ উপস্থাপকদের থাকতে হবে সংবাদ, সাংবাদিকতা এবং সমসাময়িক বিষয়ে ব্যাপক জ্ঞান। শুদ্ধ উচ্চারণের পাশাপাশি অব্যাহত প্রশিক্ষণ ও চর্চার মধ্য দিয়ে সংবাদ উপস্থাপকদের দক্ষতা উন্নয়ন সম্ভব।
হ্যাভেলী গ্রুপের চেয়ারম্যান এবং বিজেম উপদেষ্টা লায়ন এম এ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজেম এর নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের এবং একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক ফেরদৌসি আহমেদ।
তাত্বিক ও ব্যবহারিক ক্লাশে সমৃদ্ধ উক্ত কোর্সটি পরিচালনা করেন বিভিন্ন টেলিভিশনের খ্যাতিমান সংবাদ উপস্থাপক ও উচ্চারণ বিশেষজ্ঞগণ। এত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও কলেজের ৪২ জন নারীসহ মোট ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সবশেষে ছিল শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
এমআইআর