ময়মনসিংহ: ময়মনসিংহে জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতে পুলিশ হার্ডলাইনে যাওয়ায় আন্দোলনের নতুন কৌশল নিয়েছে দলটির নেতা-কর্মীরা।
গত কয়েকদিন ধরে ময়মনসিংহ শহরে ছাত্রশিবির রাজপথে সরব থাকলেও হরতালের আগের দিন বুধবার শান্ত ছিল দলটি।
তবে, বুধবার সন্ধ্যার পরেই শহরের বিদ্যাময়ী স্কুলের সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে আতঙ্ক ছড়ায় দলটি।
দলীয় সূত্র জানায়, চলতি সপ্তাহে বিভিন্ন ইস্যুতে ময়মনসিংহ শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির।
এর মধ্যে ২৪ জানুয়ারি দেশব্যাপী ছাত্রলীগের চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ ও নৈরাজ্যের প্রতিবাদে শহরের চরপাড়া মোড়ে মিছিল করে শিবির। মিছিলের স্থায়ীত্ব ছিল মাত্র কয়েক মিনিট।
২৯ জানুয়ারি দুপুরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক আবু সালেহ মু. ইয়াহহিয়া ও সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান আশুসহ গ্রেফতারকৃত সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে ময়মনসিংহ শহর ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করে।
সূত্র জানায়, এ বিক্ষোভ মিছিলেও কৌশলের আশ্রয় নেয় শিবির। চরপাড়া মোড় বাদ দিয়ে শহরের জিলা স্কুল মোড়ে মিছিল করে। মাত্র ৭ মিনিট স্থায়ী মিছিলটি শেষ হয় আকুয়া মাদ্রাসা কোয়ার্টার মোড়ে গিয়ে।
দু’টি মিছিলের নেতৃত্বে ছিলেন ছাত্রশিবিরের ময়মনসিংহ শহর সেক্রেটারি হোসাইন মুহাম্মদ সজিবুর রহমান।
স্থানীয় সূত্র জানায়, জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতে হার্ডলাইনে রয়েছে পুলিশ। প্রায় প্রতিদিনই হানা দিচ্ছে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত মেসগুলোতে। গ্রেফতার হচ্ছেন মাঝারি-ছোট সারির নেতা-কর্মী।
এর মধ্যে সোমবার শহরের বাঘমারা ও ভাটিকাশর এলাকায় শিবিরের দু’টি মেসে অভিযান চালিয়ে পুলিশ ৯ শিবির কর্মীকে আটক করে।
বুধবার দুপুরে আটক করা হয় জেলা জামায়াতের সদস্য আব্দুল হালিমকে। ফলে গ্রেফতার আতঙ্কে দৌড়ের ওপর রয়েছে জামায়াত-শিবির।
পুলিশের হার্ড লাইনের বিপরীতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অনুসরণ করছে দলটি।
এ বিষয়ে ময়মনসিংহ শহর শিবিরের সেক্রেটারি হুসাইন মুহাম্মদ সজিবুর রহমান বলেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। কিন্তু পুলিশ অহেতুক আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। বৃহস্পতিবার হরতালের সমর্থনে ছাত্রশিবির মাঠে থাকবে।”
শহরের মোড়ে মোড়ে পিকেটিং এর পাশাপাশি বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করা হবে এমন তথ্য দিয়েছেন শহর জামায়াতের আমির মাওলানা মোজাম্মেল হোসেন আকন্দ।
বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর