চান্দিনা(কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার পার্টিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আইন বলবদ থাকবে বলে বাংলানিউজকে জানান চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
চান্দিনা উপজেলা যুবদল সভাপতি কাজী সাখাওয়াত বাংলানিউজকে জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কুমিল্লা উত্তর জেলা বিএনপি সভাপতি আলহাজ মো. খোরশেদ আলমকে প্রধান অতিথি করে দলীয় নেতাকর্মীদের নিয়ে তারা ইফতার মাহফিলের আয়োজন করে।
অপরদিকে, আওয়ামী লীগের আরেকটি গ্র“প নবাবপুর বাজার কমিটি চান্দিনা উপজেলা চেয়ারম্যান মো. নাজমূল আহসান মজুমদার রিপনকে প্রধান অতিথি করে তাদের ইফতার মাহফিল পণ্ড করার লক্ষে একইস্থানে ইফতারের আয়োজন করেছেন।
এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, তিনি দুপুর ১টার দিকে সভাস্থলে পৌঁছে উভয় পক্ষকে পৃথকভাবে সমঝোতা করে উভয় পক্ষের ইফতার অন্যত্র করার জন্য আহ্বান করলে তারা তা সম্মত হয়।
পরবর্তীতে সভাস্থল ত্যাগ করে চান্দিনা আসার পর পুনরায় বিষয়টি নিয়ে গোলযোগ হলে এবং সেখানে আইনশৃঙ্খলার অবনতি আশঙ্কায় বিকাল ৩টায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম