বাগেরহাট: বাগেরহাটের মোড়েরগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। উপজেলা আওয়ামী লীগের বিবদমান দু’টি গ্রুপ একই স্থানে সভা আহ্বান করায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এ আদেশ জারি করা হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
জানা গেছে, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুম আলম মিলন রোববার সকাল ১০টায় পৌর অডিটোরিয়ামে আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করেন।
এদিকে, একই স্থানে ওই একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা আহ্বান করেন।
এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহর আলী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।
ইউএনও জোহর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বাংলানিউজকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর