৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:১৯ এএম BDST banglanew24
09 Jul 2012   07:00:28 PM   Monday BdST
E-mail this

চট্টগ্রামে বাজার মনিটরিং টিমের কাজ শুরু ১৫ জুলাই


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামে বাজার মনিটরিং টিমের কাজ শুরু ১৫ জুলাই
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বন্দর নগরীর ১৭টি বাজার মনিটরিং করবে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত পাঁচটি টিম।

ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিটি কর্পোরেশন, বিএসটিআই, চেম্বার, ক্যাব, র‌্যাব, পুলিশ ও বাজার কমিটির নেতা নিয়ে গঠিত এসব টিম ১৫ জুলাই কাজ শুরু করবে। নগরীর বাইরে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি মনিটরিং টিম কাজ করবে।

সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা টাস্ক ফোর্স কমিটি, বাজার মনিটরিং কমিটি ও বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানে এলাহীর সভাপতিত্বে সভায় ব্যবসায়ী নেতা ও কাস্টমস কর্মকর্তারা জানান, গত বছরের চেয়ে এবার রমজানে বেশি চাহিদা রয়েছে, এমন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বেশি মজুদ রয়েছে।

রমজানে পণ্যসামগ্রীর কৃত্রিম সংকট, মূল্যতালিকা না টাঙানো, মূল্যবৃদ্ধি, ভেজাল-বাসি খাবার বিক্রি, ওজনে কম দেওয়া, খাদ্যপণ্যে ফরমালিন-কার্বাইড-কেমিক্যাল-কাপড়ের রঙ মেশানো, মুরগির ওজন বাড়াতে বেশি খাবার খাওয়ানো, গরুর মাংসে করপোরেশনের সিল না থাকা, জবাইখানার পরিবেশ ইত্যাদি বিষয়ে অভিযান পরিচালনার দাবি উঠে আসে সভায়। একইসঙ্গে দোষীদের জরিমানা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

পাশাপাশি ভোক্তা অধিকার আইন অনুযায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের অযথা হয়রানি না করার জন্যও বলা হয়েছে।

এহছানে এলাহী ব্যবসায়ীদের অভিযোগ শোনার পর নিশ্চয়তা দিয়ে বলেন, ‘আপনাদের ওপর জুলুম কখনো হবে না। গত বছরের চেয়ে এবার নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মজুদ ও সরবরাহ বেশি। ভয়ের কিছু নেই। সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিয়ে আমরা বসব। তরকারি বিক্রেতার কয় টাকা আয় হয়? তাই জরিমানার ক্ষেত্রে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে।’

কাস্টমসের উপকমিশনার মো. মাহমুদুল হাসান গত বছর ও চলতি বছরের তুলনামূলক ভোগ্যপণ্য আমদানির চিত্র তুলে ধরে বলেন, গত বছরের চেয়ে এবার নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি ও মজুদ বেশি রয়েছে। পাশাপাশি মূল্যও অনেক স্থিতিশীল রয়েছে। ঘাটতি হওয়ার কোনো সুযোগ নেই।

এবারের রমজানে পণ্যের কৃত্রিম সংকট হবে না আশা করে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ও খাতুনগঞ্জ ট্রেড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম বলেন, এবার রমজানে যে প্রচুর ভোগ্যপণ্যের মজুদ এবং দামও যে গত বছরের চেয়ে কম তার মূলে রয়েছে ব্যবসায়ীদের অবদান। সরকার যদি অযথা ব্যবসায়ীদের মজুদের ব্যাপারে হয়রানি করে তাহলে অবস্থা আগের মতোই হবে। ব্যবসায়ীদের কাছে পণ্যের মজুদ আছে বলেই দাম কম। সরবরাহ ঠিক থাকলে দাম বাড়ার প্রশ্নই আসে না। শুধু সয়াবিন তেলের সরবরাহ চেইনের দিকে একটু মনোযোগ দিতে হবে।’

গণমাধ্যমের সচেতনতা প্রত্যাশা করে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবুল বাশার চৌধুরী বলেন, ‘এখন খাতুনগঞ্জে চিনি বিক্রি হচ্ছে কেজি ৪৮ থেকে ৫০ টাকা, গত বছর ছিল ৬০ থেকে ৬২ টাকা। মোটা চাল বিক্রি হচ্ছে কেজি ২১ থেকে ২২ টাকা, গত বছর ছিল ৩৩ থেকে ৩৪ টাকা। ভালোকে ভালো বলতে হবে। গণমাধ্যমের তথ্য যেমন ভালোর দিকে নিয়ে যায়, তেমনি আবার খারাপের দিকেও নিয়ে যায়। বিষয়টা সবার মাথায় রাখা দরকার।’

ভেজালবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, দোকানিকে জরিমানা না করে যেখানে কারসাজি করা হয়, ফরমালিন মেশানো হয় সেখানে অভিযান চালান।

কাজীর দেউড়ি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাজারে ফরমালিনযুক্ত মাছ বিক্রি করব না, খাবও না।’

তিনি বলেন, ‘যেখানে ফরমালিন মেশানো হয়, আমদানির পর যেখানে রাখা হয় সেখানে ফরমালিন পরীক্ষা করলে তো সারাদেশে ফরমালিন-কার্বাইডযুক্ত মাছ-সবজি-ফল বিক্রি বন্ধ হয়ে যায়।’

টিসিবির চিফ অফিসার মো. আকতার হোসাইন সভায় জানান, ৭ জুলাই থেকে নগরীর বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে রমজানে প্রয়োজনীয় ভোগ্যপণ্য প্রতিকেজি ছোলা ৬৬ টাকা, সয়াবিন তেল ১২১ টাকা, নেপালি মশুর ডাল ৭০ টাকা ও চিনি ৫০ টাকা বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ১৫ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে। এছাড়া নগরী ও জেলায় ৩৮৪ জন ডিলারকে ৪ থেকে ৫ দিনের মধ্যে বিক্রির জন্য পণ্য সরবরাহ করা হবে। তিনি জানান, টিসিবির খেজুর বিক্রি করা হবে কেজিপ্রতি ৮০ টাকা দরে।

সভায় মতবিনিময় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আরিফ মোহাম্মদ, হাবিবুল হাসান, আছিয়া খাতুন, বর্ডার গার্ড বাংলাদেশের মেজর শফি,  র্যাবের কর্মকর্তা নুরুজ্জামান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চিফ অফিসার মো. আকতার হোসাইন, বিএসটিআইর আঞ্চলিক প্রধান এসএম ইসহাক আলী ও সহকারী পরিচালক প্রকৌশলী মো. রেজাউল করিম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক মো. ছালামত আলী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ আহমদ সুলেমান, ব্যবসায়ী মো. নুরুল ইসলাম, কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মো. ইয়াছিন, ক্যাবের ডিপিও জহুরুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সিভিল সার্জন মো. রফিক উদ্দিন, জেলা বিপণন কর্মকর্তা মো. ইমাম হোসেন, মৎস্য কর্মকর্তা শিমুল বড়ুয়া, সহকারী খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবির, উন্নয়ন কর্মী পারভীন আক্তার, খাতুনগঞ্জ হামিদ উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. নুরুল আলম প্রমুখ।

উল্লেখ্য, সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও নগর পুলিশের (সিএমপি) কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ৯ জুলাই, ২০১২
এআরএম, আল রাহমান ০১৯১১ ৭৫৭৬৩৯

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান