 |
প্রধান বিচারপতির দপ্তর থেকে: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগাম জামিন চাইতে প্রধান বিচারপতি মো.মোজাম্মেল হোসেনের কার্যালয়ে এসেছেন বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীরা।
সোমবার বিকেল পৌনে পাঁচটায় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে প্রধান বিচারপতির কার্যালয়ে প্রবেশ করেছেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।
এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে ব্যারিস্টার মওদুদ প্রধান বিচারপতির কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন।
রওয়ানা হওয়ার আগে মোবাইল ফোনে জ্যেষ্ঠ আইনজীবীদের আদালতে উপস্থিত থাকতে বলেন মওদুদ।
রোববারের হরতালে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোট নেতাদের নামে রোববার রাত ও সোমবার সকালে দু’টি মামলা দায়েরের পর অভিযুক্তদের বাসায় বাসায় পুলিশ তল্লাসী শুরু করলে খালেদা জিয়া মওদুদকে ডেকে আগাম জামিন চাওয়ার পরামর্শ দেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর