 |
ঢালিউডের এই সময়ের শীর্ষ নায়ক শাকিব খানকে এবার দেখা যাবে জয়া আহসানের বিপরীতে। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী : মেইড ফর ইচ আদার’ নামের একটি ছবিতে তারা জুটি বেঁধে অভিনয় করছেন। নিটোল প্রেমের গল্প নিয়ে এ ছবিটি পরিচালনা করছেন সাফি উদ্দিন। ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনায় রয়েছেন রুম্মান রশীদ খান।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী : মেইড ফর ইচ আদার’ ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে ১৪ জুন বৃহস্পতিবার বিকেলে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে। শুভ মহরতে পরিচালক সাফি উদ্দিন বলেন, ছবির কাহিনীর প্রয়োজনেই শাকিব খান আর জয়া আহসানকে বেছে নেওয়া হয়েছে। ছবিটির গল্প থেকে শুরু করে নির্মাণশৈলীতেও থাকছে নতুনত্ব। এ ধরণের নিটোল প্রেমের ছবি আজকাল খুব কমই তৈরি হয়। আশা করছি, ছবিটির সর্বত্রই দর্শক নতুনত্বের স্বাদ পাবেন।

শুভ মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হান্নান, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, কাজী হায়াৎ, এফডিসির এমডি পিযূষ বন্দ্যোপাধ্যায়, নির্মাতা ও অভিনেত্রী আফসানা মিমি প্রমুখ।
শাকিব খানের বিপরীতে অভিনয় প্রসঙ্গে বাংলানিউজকে জয়া আহসান বলেন, আমাদের মুলধারার বানিজ্যিক চলচ্চিত্রে শাকিব খান নিজের যোগ্যতা দিয়েই আজকের পর্যায়ে এসেছেন। তার বিপরীত কাজ করাটা নিশ্চয়ই আমার জন্য হবে নতুন অভিজ্ঞতা। আমি এর আগে ‘গেরিলা’, ‘ডুবসাতার’, ‘ফিরে এসো বেহুলা’ প্রভৃতি ছবিতে কাজ করলেও এগুলোকে সেই অর্থে মূলধারার বানিজ্যিক ছবি বলা যায় না। এরই মধ্যে আমি ‘চোরাবালি’ ও কলকাতার ‘আবর্ত’ ছবির শুটিং শেষ করেছি। সত্যিকার অর্থে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী: মেইড ফর ইচ আদার’-এর মাধ্যমেই মূলধারার বানিজ্যিক ছবিতে আমার অভিষেক হচ্ছে। ছবিটির গল্প আমার কাছে অসাধারণ লেগেছে। সব মিলিয়ে কাজ শুরুর আগেই আমার বিশ্বাস, এটি দর্শকদের কাছে বেশ উপভোগ্য হবে।
জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধে কাজ করা প্রসঙ্গে বাংলানিউজকে শাকিব খান বলেন, জয়া আহসানের অভিনয় আমার খুব পছন্দ। তিনি যখন যে চরিত্রে অভিনয় করেন, তা যেন জীবন্ত করে তুলতে পারেন। এরকম একজন দক্ষ অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার সুযোগ পাওয়ায় আমার ভালো লাগছে। জয়া আহসানকে আমি মুলধারার বানিজ্যিক ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত গ্রহণের জন্য অভিনন্দন জানাই। আশা করছি আমাদের এই জুটি সবধরণের দর্শকরাই ভালোভাবে গ্রহণ করবেন
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী: মেইড ফর ইচ আদার’ ছবিটি নির্মিত হচ্ছে ফ্রেন্ডস ফিল্ম ইন্টারন্যাশানালের ব্যানারে। ছবিটি প্রযোজনায় রয়েছেন চন্দন সিনহা। ২০১৩ সালের ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে আগামী মাসে প্রথম সপ্তাহে মালয়েশিয়াতে ছবিটির শুটিং শুরু হবে বলে প্রযোজানা সূত্রে জানা গেছে।
উল্লেখ্য পরিচালক সাফি উদ্দিন পরিচালিত আগের ব্যবসাসফল ছবির মধ্যে রয়েছে ‘প্রেম মানে না বাঁধা’, ‘ও সাথীরে’, ‘তোমার জন্য মরতে পারি’ প্রভৃতি।
বাংলাদেশ সময় ০১৩৫, জুন ১৬, ২০১২