 |
| ছবি: জীবন আমীর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: রাজধানীর মালিবাগ বাজারে ফরমালিন সনাক্তকরণ যন্ত্র স্থাপন করা হয়েছে। বুধবার সকালে ফিতা কেটে এই যন্ত্রের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।
এফবিসিসিআই ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের অর্থায়নে মালিবাগ বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডকে ফরমালিন ডি-হাইড্রেট মেশিনটি হস্তান্তর করা হয়। মালিবাগ কাঁচাবাজারে যে কোনো ধরনের খাদ্যদ্রব্যে ফরমালিন চিহ্নিত করতে এ আধুনিক মেশিনটি স্থাপন করা হয়েছে।
এখন থেকে মালিবাগ বাজারে কোনো পণ্য প্রবেশের আগে তা সমিতির মাধ্যমে ফরমালিন পরীক্ষা করার পর বাজারে বিক্রি করতে হবে। এজন্য মালিবাগ বণিক সমিতির একটি মনিটরিং সেল থাকবে।
জানা গেছে, এসআইবিএল দেড় লাখ টাকা মূল্যের এ রকম তিনটি ফরমালিন ডি-হাইড্রেট মেশিন আমদানি করেছে। বাকি দুটি মেশিনের একটি রাজধানীর গুলশান-২ মার্কেটে ও অপরটি নিউ মার্কেটে স্থাপন করা হবে।
বাণিজ্যমন্ত্রী জি এম কাদের অনুষ্ঠানে বলেন, ‘‘অনেক শিল্পে বা ল্যাবরেটরিতে, ডায়াগনস্টিক সেন্টারে ফরমালিন ব্যবহার করা হয়। তাই ফরমালিনের ব্যবহার বন্ধ করা যাবে না। তবে খাদ্যে ফরমালিন মেশানো বন্ধ করা হবে। আমরা ফরমালিন আমদানিকারকদের লাইসেন্স ও কার কাছে বিক্রি করা হচ্ছে, তার তালিকা রাখার নিয়ম করেছি। অবাধে ফরমালিন মেশানোর সুযোগ নেই। এ ব্যাপারে কঠোর আইন নেই। আগামীতে আমরা এ ব্যাপারে কঠোর আইন করবো।’’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘আমার উপলব্ধি হয়েছে বাংলাদেশের মানুষ সৎ, ব্যবসায়ীরাও সৎ। ব্যবসায়ীরা সৎভাবে ব্যবসা করতে চান। ফরমালিন রোধে সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো।’’
তিনি বলেন, আমদানির সময় পচনশীল খাদ্যদ্রব্যকে অগ্রাধিকার ভিত্তিতে দেশে আসার ব্যবস্থা করতে হবে। তবে প্রতিটি বাজারে হিমাগার স্থাপন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক আবুল হোসেন মিয়া, সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আলহাজ নাসির উদ্দিন, এফবিসিসিআই’র পরিচালক হেলাল উদ্দিন, মনোয়ারা হাকিম, হারুন অর রশিদ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আকরাম উদ্দিন আহমেদ, পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, মালিবাগ বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আমিরুজ্জামান আরজু প্রমুখ।
ডিএমপি কমিশনার বেনজির আহমেদ বলেন, ফরমালিনমুক্ত বাজারের এ উদ্যোগ প্রশংসনীয়। এভাবে ক্রমান্বয়ে সব বাজারকে ফরমালিনমুক্ত করতে পারলে ভালো হবে। তবে খাদ্যে ফরমালিন বা ভেজাল মেশানোর জন্য কঠোর আইন দরকার। আর বিদেশি ফল আমদানির সময় দেশে প্রবেশ পথে ফরমালিন পরীক্ষা করলে নিরাপদ খাবার পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
এমআইআর/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর