‘টার্মিনেটর’ খ্যাত হলিউড অ্যাকশন সুপার স্টার আর্নল্ড শোয়ার্জেনেগার এবার অভিনয় করছেন বলিউডের ছবিতে। পরিচালক ভারিন্দর সিংয়ের নতুন ছবি ‘ফতেহ-দ্য ভিক্টরি’-তে অভিনয়ের ব্যাপারে শোয়ার্জেনেগার সম্মতি দিয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চুক্তি সম্পাদন হয়নি বলে জানা গেছে।
পাঞ্জাবের সাবেক খ্যাতিমান কুস্তিগির ও শরীরবিদ ভারিন্দর সিং সম্প্রতি মিডিয়াকে জানিয়েছেন, এশিয়ায় স্বাস্থ্য বিষয়ক কিছু কর্মকান্ড পরিচালনার সময় হলিউডের অ্যাকশন হিরো আর্নল্ড শোয়ার্জেনেগারের সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে উঠে। এসময় তিনি তার নতুন ছবি ‘ফতেহ-দ্য ভিক্টরি’ তে অভিনয়ের জন্য শোয়ার্জনেগারকে অনুরোধ জানান। এ অনুরোধে তিনি ইতিবাচক সাড়া দেন।
এ প্রসঙ্গে ভারিন্দর সিং বলেন, আর্নল্ড শোয়ার্জেনাগার আমার শরীর চর্চার রুল মডেল। তাকে সামনে রেখেই আমি শরীর চর্চায় অনুপ্রাণিত হই। শরীর চর্চা সম্পর্কিত কার্যক্রমে অংশ নিতে গিয়েই তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা গড়ে উঠে।
ভারিন্দর সিং বলেন, ‘ফতেহ-দ্য ভিক্টরি’ ছবির গল্প শুনে শোয়ার্জেনাগার আগ্রহী হয়ে উঠেন এবং আমার ছবিতে অভিনয় করবেন বলে কথা দেন। যদিও এখন পর্যন্ত তার সঙ্গে আমার কোনো চুক্তি সম্পাদন হয় নি। তবু আমি মনে করি, সবকিছু ঠিকঠাক থাকলে আমার ছবির মধ্য দিয়েই বলিউডে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
শরীর চর্চায় গোল্ড মেডেল বিজয়ী সাবেক কুস্তিগির ভারিন্দর সিং আরো জানিয়েছেন, সর্বশেষ স্পেনে স্বাস্থ্য ও শরীর চর্চা সম্পর্কিত একটি ফোরামে শোয়ার্জেনাগারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। সেখানেও শিগগিরই তিনি আমার ‘ফতেহ-দ্য ভিক্টরি’ ছবিতে অভিনয়ের জন্য সময় দেবেন বলে আমাকে আশ্বাস দেন।
ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্ণর আর্নল্ড শোয়ার্জেনাগার রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সম্প্রতি আবার অভিনয়ে ফিরে এসেছেন। পাশাপাশি তিনি বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে ইউরোপ ও আমেরিকায় কাজ করছেন।
বাংলাদেশ সময় : ০০৪৫, জুলাই ১, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।