 |
ঢাকা : চট্টগ্রামে ডোবারম্যান জাতের কুকুর লেলিয়ে দিয়ে ইংলিশ মিডিয়ামের ছাত্র হিমাদ্রি মজুমদার হিমুকে নির্যাতনের পর হত্যার ঘটনায় দায়ী জুনায়েদ আহমেদ রিয়াদকে লন্ডন থেকে ফিরিয়ে আনতে সাত দিনের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে হিমু হত্যার ঘটনায় পাঁচলাইশ থানার ওসিকে তলব করেছেন আদালত। আগামী ৭ জুন তাকে আদালতে হাজির হয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।
এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
এ আদেশ বাস্তবায়ন করে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিকে ১৫ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
একই সঙ্গে ওই হত্যাকাণ্ডে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিবাদীদের ব্যর্থতা/নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দায়ীদের গ্রেফতার নিশ্চিতে বিবাদীদেরকে কেন নির্দেশনা দেওয়া হবে না-এ মর্মে রুল জারি করেছেন আদালত।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিএমপি’র কমিশনার, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
দৈনিক কালের কণ্ঠে ২৫ মে এ সংক্রান্ত একটি প্রতিবেদন সংযুক্ত করে আদালতে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রোববার এ রিট দায়ের করা হয়।
কালের কণ্ঠের ওই প্রতিবেদনে বলা হয়, গত ২৭ এপ্রিল রাউজানে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় হিমাদ্রির সাবেক সহপাঠী জুনায়েদ আহমেদ রিয়াদ, সাজু, ডেনি ও শাওন মিলে হিমুকে প্রচণ্ড মারধর করে রিয়াদের বাসার ছাদে নিয়ে জার্মানির ডোবারম্যান জাতের পাঁচটি কুকুর লেলিয়ে দেয়। একপর্যায়ে ছাদের ওপর থেকে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। গুরুতর অবস্থায় প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে সার্জিস্কোপ হাসপাতালে হিমুকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
গত ২৩ মে হিমু মারা যান। তবে পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।
বাংলাদেশ সময় : ২২২০ ঘণ্টা, মে ২৮, ২০১২
এমইএস/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর