ময়মনসিংহ: বৃহস্পতিবারের হরতালকে সামনে রেখে ময়মনসিংহ শহরে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এসময় তারা শহরের বিদ্যাময়ী স্কুলের সামনে টায়ার জ্বালিয়ে দ্রুত পালিয়ে যায়।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা এ মিছিল বের করে।
এ ঘটনায় শহরের গাঙ্গিনারপাড় ও নতুন বাজার মোড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে। এসময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়।
মিছিলে নেতৃত্ব দেন শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান ইমরুল ও শহর শিবিরের সেক্রেটারি হুসাইন মুহাম্মদ সজিব।
রাস্তায় টায়ার জ্বালানোর পর শহরের নতুন বাজার ও গাঙ্গিনারপাড় মোড় এলাকার বাসিন্দা ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙচুরের ভয়ে অনেকেই আগেভাগে দোকানপাট বন্ধ করে।
তবে, পুলিশ আসার আগেই সটকে পড়ে জামায়াত-শিবির কর্মীরা।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, “পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবিরের কর্মীরা পালিয়েছে।”
বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর