 |
ঢাকা: গত কয়েক বছরের মধ্যে এই প্রথমবারের মত সহিংসতায় বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে আফগানিস্তানে। আফগান সহিংসতায় বেসামরিক প্রাণহানির ওপর প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ মিশন ইউনাইটেড ন্যাশনস অ্যাসিস্টেন্স মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ) এক প্রতিবেদনে জানায় চলতি ২০১২ সালের প্রথম ছয়মাসে গত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম সংখ্যক বেসামরিক আফগান সহিংসতার শিকারে পরিণত হন।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের একই সময়ের তুলনায় ২০১২ সালের প্রথম ছয় মাসে আফগানিস্তানে সহিংসতায় মৃত্যুর হার ১৫ শতাংশ কম ছিলো।
বিশ্লেষকরা জানিয়েছেন, সহিংসতায় বেসামরিক প্রাণহানির ভয়াবহতা, সংঘাতে লিপ্ত উভয় পক্ষের মধ্যে ( বিদ্রোহী এবং ন্যাটো) ব্যাপক সচেতনতা তৈরি করেছে। তবে বেসামরিক হতাহতের ঘটনা হ্রাস পেলেও অন্যান্য বছরের ধারাবাহিকতায় ২০১২ সালের প্রথম ছয়মাসেও বেসামরিক নাগরিকদের উপর সহিংসতা অব্যাহত ছিলো বলে প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০১২ সালের ১ জনুয়ারি থেকে ৩০ জুনের মধ্যবর্তী সময়ে মোট ৩ হাজার ৯৯ জন বেসামরিক আফগান সংঘাতের শিকারে পরিণত হন। এদের নিহত হয় ১ হাজার ৪৫ জন, বাকি ১ হাজার ৯শ’ ৫৪ জন আহত হন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর