 |
ঢাকা: বঙ্গবন্ধু আমন্ত্রণী কাবাডি টুর্নামেন্ট কমিটির আহ্বানে আগামী রোববার রাতে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে ২০ সদস্যের বাংলাদেশ নারী কাবাডি দল। আগামী ২৮ নভেম্বর কলকাতায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
টুর্নামেন্টের প্রচারণার দায়িত্বে রয়েছে বাংলাভাষায় সর্বাধিক প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলানিউজের কলকাতা ব্যুরো চিফ ড. রক্তিম দাশ বাংলাদেশ দলটিকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। রোববার তিনি বলেন, “বাংলাদেশের জাতির জনক স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশের ভূখণ্ডের বাইরে এই প্রথম কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যেই কলকাতাসহ পশ্চিমবঙ্গে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি প্রর্দশনী ম্যাচেও অংশ নেবে বাংলাদেশ দল।”
সোমবার সকাল ৯টায় বেনাপোল সীমান্তে বাংলাদেশ দলকে বনগাঁ পৌরসভা ও আয়োজক কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। মঙ্গলবার কলকাতার প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর ওই দিন রাতেই কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডিনার পার্টিতে অংশ নেবে বাংলাদেশ দল।
২৬ নভেম্বর বুধবার বেলা ৩টায় কলকাতার সোনারপুরে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম। উপস্থিত থাকবেন রাজ্যের যুবকল্যাণমন্ত্রী অরুপ বিশ্বাস, মুক্তিযুদ্ধের সম্মাননাপ্রাপ্ত কলকাতা দূরদর্শনের সাবেক অধিকর্তা পঙ্কজ সাহা, ভারতের কাবাডি দলের সাবেক সদস্য প্রবীণ ভোলানাথ গুই, অর্জুন সম্মানপ্রাপ্ত রমা সরকার ও বিশ্বজিৎ পালিত, পশ্চিমবঙ্গ কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি রাধেশ্যাম আগরওয়াল, সহ সভাপতি ও আয়োজক কমিটির সম্পাদক সজল ঘোষ প্রমুখ।
২ ডিসেম্বর কলকাতা যাদবপুরে জাগরী সংঘে আয়োজিত হবে টুর্নামেন্টের সেমিফাইনাল। এটির উদ্বোধন করবেন কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি।
৩ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পৌরসভার উদ্যোগে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালে বিজয়ী দলের হাতে বঙ্গবন্ধু কাপ তুলে দেবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র ও পৌরসভার চেয়ারম্যান সমীর দত্ত।
এছাড়াও বাংলাদেশ দল ২৯ নভেম্বর বর্ধমানের দুর্গাপুর ও ধাত্রীগ্রাম এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈত্রিক ভিটা সুভাষগ্রাম ও কলকাতার গড়িয়ায় ৩০ নভেম্বর প্রর্দশনী ম্যাচ খেলবে।
৪ ডিসেম্বর সকালে বেনাপোল সীমান্ত দিয়ে ঢাকায় ফিরে আসবে বাংলাদেশ দলটি।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
আরডি/ সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর