 |
ঢাকা: দেশের প্রধান দুই শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিসই) এবং চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।
প্রায় দুই মাস পর এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৩শ’ কোটি টাকার ওপরে উঠে এসেছে। মূল্যসূচকও ছিল ঊর্ধ্বমুখী।
গত এক সপ্তাহ ধরে ডিএসইর পক্ষ থেকে লেনদেন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক চলে আসছে। এরই মধ্যে লেনদেন পতনের কারণ চিহ্নিত ও সমাধানের প্রস্তাবনা বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দিয়েছে ডিএসই।
এছাড়া সংবাদ সম্মেলন করেও ডিএসই সভাপতি রকিবুর রহমান প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লেনদেনে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছেন। এতে লেনদেন ইতিবাচক ধারায় ফিরেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
মঙ্গলবার ডিএসইর সাধারণ মূল্য সূচক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৫০ পয়েন্টে। মোট আর্থিক লেনদেন হয়েছে ৩৪১ কোটি ৭৯ লাখ ৯১ হাজার টাকা। এর আগে গত ২ ডিসেম্বর লেনদেন হয় ৩১২ কোটি ৫৫ লাখ টাকা। এরপর থেকে বাজারে লেনদেনে বড় ধরনের পতন শুরু হয় এবং গত দুই মাস ধরেই লেনদেন ৩০০ কোটি টাকার নিচে অবস্থান করে।
মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেন হওয়া ২৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২৭টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, বেক্সিমকো, জেনারেশন নেক্সট, এনবিএল, আরএন স্পিনিং, সায়হাম কটন, সামিট পাওয়ার, কেয়া কসমেটিক ও বিএসসিসি।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- উসমানিয়া গ্লাস, এফএএস ফাইন্যান্স, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, ফাইন ফুডস, ফু-ওয়াং ফুড, ফু-ওয়াং সিরামিক, রহিম টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সামিট এ্যালায়েন্স ও ন্যাশনাল টিউবস।
দর কমার শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ম্যাকসন স্পিনিং, গ্লাস্কোস্মিথক্লাইন, রেকিট বেঙ্কিজার, ডেল্টা স্পিনিং, এনটিসি, রুপালী লাইফ, আইসিবি ২য় এনআরবি ও প্রগতী লাইফ ইন্স্যুরেন্স।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৫১ পয়েন্টে। এদিন মোট আর্থিক লেনদেন হয়েছে ৪০ কোটি ৭১ লাখ ১৪ হাজার টাকা।
লেনদেন হওয়া ১৯১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ার দর।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘন্টা, ২৯ জানুয়ারি, ২০১৩
জেএনএ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/জেডএম