ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের পেছনে শিববাড়ি স্টাফ কোয়ার্টারে অবস্থিত শত বছরের প্রাচীন একটি পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের উপর ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
একইসঙ্গে ওই পুকুর ভরাট বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না এবং আইন অনুসারে ওই পুকুর সংরক্ষণে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
পরিবেশ সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী; রাজউকের চেয়ারম্যান এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
দুই সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী; রাজউকের চেয়ারম্যান এবং শাহবাগ থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২১ মে পুকুর ভরাট করা সংক্রান্ত একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে রোববার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, মে ২৯, ২০১২
এমইএস/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর