৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১:১৩ এএম BDST banglanew24
21 Jul 2012   12:15:12 PM   Saturday BdST
E-mail this

টিকিট কালোবাজারি: সংশ্লিষ্টদের সরানোর নির্দেশ যোগাযোগমন্ত্রীর


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: টিকিট কালোবাজারির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চট্টগ্রাম রেলস্টেশনে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর প্রধানসহ ওই বাহিনীর সব সদস্য এবং বুকিং ক্লার্কদের একযোগে বদলির আদেশ দিয়েছেন রেলপথ ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশন পরিদর্শনের পর তিনি রেলওয়ে পূর্বাঞ্চলের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের এ নির্দেশ দেন।

পরিদর্শনের পর উপস্থিত সাংবাদিকদের যোগাযোগমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকালে যোগাযোগমন্ত্রী চট্টগ্রামের হাটহাজারী-ভাটিয়ারি লিংক রোড পরিদর্শনের পর সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীকে তার অধীনস্থ তিন প্রকৌশলীকে দ্রুত শোকজ নোটিশ দেওয়ার জন্য নির্দেশ দেন।

তারা হলেন, সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিয়াউদ্দিন, উপ-তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার আলী এবং নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া।

নির্দেশের পরও সময় মতো রাস্তা মেরামত না করায় ওই তিন প্রকৌশলীকে শোকজ করতে বলেন মন্ত্রী।

উল্লেখ্য, কঠোর গোপনীয়তার মধ্যে আকস্মিকভাবে রেলওয়ে ও সড়ক বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে চট্টগ্রামে এসেছেন রেল ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকাল থেকে মন্ত্রী সীতাকুণ্ড ও হাটহাজারীতে সড়ক পরিদর্শন, চলাচলরত যানবাহনের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স পরিদর্শনসহ বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছেন। তার এ সফরের বিষয়ে আগে থেকে কিছুই জানানো হয়নি রেল, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের। এমনকি নগর পুলিশও যোগাযোগমন্ত্রীর সফরের বিষয়ে কিছুই জানে না।

নগর পুলিশের বিশেষ শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে জানান, আকিস্মকভাবে শুক্রবার রাত ১১টার দিকে যোগাযোগ মন্ত্রী চট্টগ্রামের আগ্রাবাদে সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউসে হাজির হন।

সেখানে রাত্রিযাপনের পর সকাল ৯টার দিকে মন্ত্রী সীতাকুণ্ডের ভাটিয়ারির সঙ্গে হাটহাজারী লিংক রোডের অবস্থা পরিদর্শন করেন। এ সময় ওই সড়ক দিয়ে চলাচলরত বেশকিছু যানবাহন থামিয়ে তিনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা-নিরীক্ষা করেন। যানবাহনের ফিটনেসও স্বচক্ষে পরিদর্শন করছেন যোগাযোগমন্ত্রী।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লিয়াকত আলী বাংলানিউজকে বলেন, ‘‘শুনেছি, মন্ত্রী মহোদয় হাটহাজারী-সীতাকুণ্ড লিংক রোড পরিদর্শন করেছেন। আমাদের আগে থেকে কিছুই জানানো হয়নি। খবর পেয়ে আমি যাবার আগেই মন্ত্রী মহোদয় সীতাকুণ্ডের দিকে চলে গেছেন।’’

শেষ খবর পাওয়া পর্যন্ত মন্ত্রী ওবায়দুল কাদের সীতাকুণ্ডে তার দু’মন্ত্রণালয়ের অধীন চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করছেন।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সড়ক ও জনপথ বিভাগের উর্দ্ধতন এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ‘সম্ভবত ঈদের আগে রাস্তাঘাটের অবস্থা স্বচক্ষে দেখতে চট্টগ্রামে হাজির হয়েছেন মন্ত্রী। এরপর তিনি যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘবে পদক্ষেপ নেবেন।’  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
আরডিজি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান