ঢাকা: এ বছরও পোশাক কর্মীদের গানের প্রতিযোগিতা গর্ব-২০১২ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে ঈদের পর থেকে এবং শেষ হবে ফেব্রুয়ারি মধ্যে।
প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার হিসেবে বৃহস্পতিবার বিকালে বিজিএমইএ সম্মেলন কক্ষে বিজিএমইএ ও মাত্রার মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে বিজিএমইএর পক্ষে সাবেক সহ-সভাপতি ও গর্ব-২০১২ প্রধান সমন্বয়কারী মো. আতিকুল ইসলাম এবং মাত্রার পক্ষে অভিনেতা, নির্মাতা আফজাল হোসেন স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি জনাব মো. সফিউল ইসলাম, দ্বিতীয় সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, পরিচালক মো. মশিউল আজম, পরিচালক শেখ আতিয়ার রহমান দিপু প্রমুখ।
গর্ব-২০১২ তে গ্র্যান্ড গালা ফাইনালসহ মোট ৩৩টি এপিসোড থাকবে। এগুলোর মধ্যে অডিশন, মিউজিক, স্টুডিও, গ্রুমিং এবং ফাইনাল রাউন্ড থাকবে। ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে আর্মি স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
টিএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর