 |
ঢাকা: `বধূর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেকদূর`, `হলুদিয়া পাখি, সোনার বরণ`, `কেন বা তারে সঁপে দিলাম দেহমন প্রাণ`, `এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি`-কালোত্তীর্ণ এসব গান মনপ্রাণ আন্দোলিত করে না এমন মানুষ বাংলায় খুঁজে পাওয়া কঠিন। আর যার কণ্ঠে এসব গান এক অবিশ্বাস্য জনপ্রিয়তা লাভ করেছে তিনি আমাদের প্রিয় মরমী শিল্পী আব্দুল আলীম।
আপাদমস্তক শিল্পী আব্দুল আলীমই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা লোকসংগীতকে মহিমা দান করেছিলেন, নিয়ে গিয়েছিলেন অত্যুজ্জ্বল শিখরে। ২৭ জুলাই শুক্রবার, প্রিয় শিল্পী আব্দুল আলীমের ৮২তম জন্মদিন।
আর্থিক অনটনের কারণে সঙ্গীত শিক্ষকের কাছে গান শেখার সুযোগ হয়নি তার। কিন্তু সংগীতের প্রতি সীমাহীন অনুরাগ শিল্পীর হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পরেনি। সেই সময়ে বিখ্যাত শিল্পীদের কণ্ঠে গ্রাওয়া গ্রামীণফোন রেকর্ড শুনে নিজে নিজেই গাওয়ার চেষ্টা শুরু করেন আব্দুল আলীম। সুরেলা কণ্ঠের অধিকারী আব্দুল আলীম গাইতে শুরু করেন বিভিন্ন পালা পার্বণে।
আত্মবিশ্বাসী আলীম নানা প্রতিবন্ধকতার কাছে হার না মেনে সংগীতচর্চা চালিয়ে যেতে থাকেন। ১৯৪৩ সালে মাত্র ১৩ বছর বয়েসে আব্দুল আলীমের কণ্ঠে Ôতোর মোস্তফাকে দে না মাগোÕ ও Ôআফতাব আলী বসলো পথ’ গান দু’টি রেকর্ড হলে তার শিল্পী খ্যাতি ছড়িয়ে পড়ে। মুর্শিদাবাদের তালিবপুর গ্রাম থেকে সংগীত পাগল আলীম পাড়ি জমান কলকাতায়।
কলকাতায় গিয়ে আব্দুল আলীম সান্নিধ্যে আসেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও শিল্পী আব্বাস উদ্দিনের। শাস্ত্রীয় সংগীতের তালিম নেন ওস্তাদ মোহাম্মদ খসরু, মমতাজ আলী খান, কানাই লাল শীল, বেদার উদ্দিন আহমেদ প্রমুখের কাছে।
দেশ ভাগের পর আব্দুল আলীম ঢাকায় চলে আসেন, যোগ দেন বেতারে ও টেলিভিশনে। এছাড়া ঢাকা সংগীত কলেজের লোকগীতি বিভাগের অধ্যাপক হিসেবে অসংখ্য শিল্পী তৈরি করেন তিনি। মরমীয়াবাদ ও আধ্যাত্মিকতা এক ভিন্ন মাত্রা পায় আব্দুল আলীমের গানে। সব মিলিয়ে প্রায় ৫শ’ গান রেকর্ড হয় এই মরমী শিল্পীর কণ্ঠে।
বাংলা সংগীতে, বিশেষ করে লোকসংগীতে অনন্য ভূমিকার স্বীকৃতি স্বরূপ আব্দুল আলীম লাভ করেন অসংখ্য পদক ও পুরস্কার। তার মধ্যে- একুশে পদক(মরণোত্তর), পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার উল্লেখযোগ্য।
বাংলা সংগীতের এই কালজয়ী শিল্পী ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর প্রয়াত হন।
বাংলাদেশ সময়: ০৭০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর