মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী-জাফরগঞ্জ রুটে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ নিয়ে মঙ্গলবার সকালে দু`টি শ্রমিক সংগঠনের মধ্যে সংর্ঘষে ১০ আহত হয়েছে।
ঘটনার পর ওই সড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়।
সিএনজি চালিত অটোরিকশার মালিক ও চালকরা বাংলানিউজকে জানান, কয়েক মাস ধরে ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা উথুলী-জাফরগঞ্জ সিএনজি মালিক ঐক্য পরিষদ নামে এ সড়কে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করে আসছে।
৪ মার্চ স্থানীয় যুবলীগ নেতার নেতৃত্বে শিবালয় সিএনজি চালিত অটো টেম্পো মালিক সমবায় সমিতি নামে আরো একটি কমিটি গঠিত হয়।
সকাল ১১টার দিকে যুবলীগ নেতার নামে গঠিত নতুন কমিটি উথুলী স্ট্যান্ড এবং উথুলী-জাফরগঞ্জ সড়কের নিয়ন্ত্রণ নিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ আহত হয়।
আহতদের মধ্যে সালাউদ্দিন, নান্নু শেখ, নুরে আলম ও আতোয়ার রহমান মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে আটক করা হয়নি। থানায় কোনো অভিযোগও দায়ের করা হয়নি বলে তিনি জানান।
বাংলাদেশ সময় : ০৩০৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১২