ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ও কলেজের পিয়নসহ ১৫ জন আহত হয়েছেন। এ সময় কলেজের অধ্যক্ষ আইয়ূব আলীর কক্ষেও ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ।
আহতরা হলেন- ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক মুক্তার হোসেন, ডাকবাংলা কলেজের পিয়ন হাফিজুর রহমান, ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কর্মী নুর আলম, জিল্লুর রহমান, আব্দুল মান্নান, লিয়াকত হোসেন, মাসুদ, রাসেল ও সোহাগ, ছাত্রদলের রাশেদ, আল জাবির খান রুস্তম, আব্দুল আলীম, লিটন ও এরশাদ আলী প্রমুখ।
আহতদের মধ্যে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মুক্তার হোসেন ও ছাত্রদল কর্মী রাশেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
ছাত্রদল নেতা আল জাবির রুস্তম বাংলানিউজকে জানান, বুধবার তাদের এক কর্মীকে ছাত্রলীগের ছেলেরা বেদম মরপিট করলে তিনি গুরুত জখম হন।
তিনি আরও জানান, ওই ঘটনার প্রতিবাদে ছাত্রদল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করলে ছাত্রলীগ বিনা উস্কানিতে হামলা চালালে তিনিসহ তাদের ৫ জন আহত হন।
ছাত্রলীগের ডাকবাংলা কলেজ শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ছাত্রদল লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় তাদের ৮/১০ জন আহত হন।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক মুক্তার হোসেন বাংলানিউজকে জানান, বেলা ১১টার দিকে দুই পক্ষের মিছিলে কলেজ ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
তিনি জানান, ছাত্রদল ও ছাত্রলীগ সংঘর্ষ চলাকালে ডাকবাংলার ত্রীমোহনী থেকে শ্রমিক লীগ ও যুবলীগের কর্মীরা ক্যাম্পাসে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
মুক্তার হোসেন আরও জানান, এ সময় ছাত্রলীগের মিছিল থেকে তার উপর হামলা চালানো হয়। হামলায় তার মাথা জখম হয়। তিনি বর্তমানে ডাকবাংলার পল্টু মিয়ার ক্লিনিকে চিকিৎসাধীন আছেন বলে জানান।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আইয়ূব আলী বাংলানিউজকে জানান, তার কক্ষের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। বর্তমানে ক্যম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে কি করা যায় তা নিয়ে কলেজ কমিটির জরুরী বৈঠকে বসেছে বলেও জানান অধ্যক্ষ আইয়ূব আলী।
ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার শেখ মাহবুব বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। তবে এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১২
প্রতিবেদন: আসিফ ইকবাল কাজল, সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর