ময়মনসিংহ: মানবতার কবি নজরুলের শৈশবের স্মৃতি জাগানিয়া ত্রিশালে শনিবার থেকে ৩ দিনব্যাপী নজরুল জয়ন্তী উৎসব শুরু হচ্ছে।
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় দরিরামপুর নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।
কবির ১১৪তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির এমপি, রেল মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান এমপি, মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম এমপি, অধ্যাপক ডা. এম আমান উল্লাহ এমপি, রেজা আলী এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জন্মবার্ষিকীর দ্বিতীয় দিনে রোববার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এমপি।
কবির জন্মজয়ন্তী উৎসবের সমাপনী দিনে সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আন্তজার্তিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
স্থানীয় জেলা প্রশাসন সূত্র জানায়, দরিরামপুরের নজরুল মঞ্চে প্রায় আড়াই হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দরিরামপুরের নজরুল একাডেমী মাঠে বসবে ৩ দিনব্যাপী নজরুল মেলা।
বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, মে ২৫, ২০১৩
এম আব্দুল্লাহ আল মামুন খান/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com