 |
| ছবি: রুবেল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা : পুঁজিবাজারের বিনিয়োগকারীদের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি মিজান উর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি সেলিম চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতাউল্লাহ নাইম প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ উল্লাহ ফিরোজ।
লিখিত বক্তব্যে বলা হয়, সারাদেশে পুঁজিবাজারের ২৮৪টি কোম্পানির ৩৩ লাখ বিনিয়োগকারী জড়িত। বাজার ধসের সময় বিনিয়োগকারীদের দাবি-দাওয়া আদায়ে আন্দোলনকালে সংগঠনের নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ৭/৮টি মামলা হয়েছে।
সর্বশেষ গত ১৮ জানুয়ারি ডিএসইর সামনে ঝুলন্ত তারে কে বা কারা আগুন জ্বালালে বিনিয়োগকারীদের বিরুদ্ধে ডিএসই কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করে। ওই মামলার চার্জশিটে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি সেলিম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নুরুল হক হারুন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতাউল্লাহ নাইম ও বিনিয়োগকারী সেলিমুল হককে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে গত ১৭ সেপ্টেম্বর মুখ্য মহানগর হাকিম আদালতে ওইসব আসামি আত্মসমর্পণ করে জামিন নেয়।
এতে আরও বলা হয়, বিনিয়োগকারীরা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ডিএসই ও এসইসিকে সহযোগিতা করে আসছে। অথচ ১৯৯৬ ও ২০১০-১১ সালে যারা পুঁজিবাজারে কারসাজি করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং রাঘব বোয়ালদের রক্ষার জন্য সাধারণ বিনিয়োগকারীদের বিরুদ্ধে মামলা, হামলা, গ্রেফতারসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের কল্যাণে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান সংগঠনটির নেতারা।
সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন, ‘‘সাধারণ বিনিয়োগকারীদের বিরুদ্ধে মামলা হামলা করে রাঘব বোয়ালদের রক্ষার চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য ডিএসই ও এসইসিকে দায়ী থাকতে হবে।’’
বাংলাদেশ সময় : ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯,২০১২
এমআইএইচ/সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর